রাজশাহীতে সারের কোনো সংকট নেই, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান

রাজশাহীতে সারের কোনো সংকট নেই এবং সার নিয়ে বাইরে ছড়ানো তথ্যগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। মঙ্গলবার বেলা ১১টার দিকে আসন্ন আমন ও বোরো মৌসুমের প্রস্তুতি ও সারের মজুত পরিস্থিতি সরেজমিনে দেখতে নগরের নওদাপাড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার গুদাম পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে কমিশনার জানান, কৃষকদের চাহিদা মেটানোর জন্য সরকারি গুদামে পর্যাপ্ত ইউরিয়া ও নন-ইউরিয়া সার রয়েছে, যা জেলার মাসিক চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি। তিনি কৃষকদের আতঙ্কিত না হয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিভাগীয় কমিশনারের তথ্য অনুযায়ী, বিসিআইসি’র বাফার গুদামে বর্তমানে ৯ হাজার ৮০৪ টন ইউরিয়া, ৪৩০ টন টিএসপি এবং ৮৫ দশমিক ৫ টন ডিএপি সার মজুত আছে। পাশাপাশি বিএডিসি’র গুদামে ৬ হাজার ৩১২ টন টিএসপি, ৮০১ টন এমওপি ও ৪ হাজার ৩৪৮ টন ডিএপি সার সংরক্ষিত রয়েছে। চলতি মাসে টিএসপি সারের বরাদ্দ ১ হাজার ৪৫ টন হলেও গুদামে মজুত রয়েছে প্রায় ৬ হাজার ৩০০ টন। একইভাবে জেলার জন্য ইউরিয়া সারের মাসিক বরাদ্দ ৫ হাজার ৭০০ টন, অথচ একটি গুদামেই প্রায় ১০ হাজার টন ইউরিয়া মজুত রাখা হয়েছে। সার সংকটের আলোচনার বিষয়ে তিনি বলেন, বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গুদামে সারের মজুত সবার সামনেই দৃশ্যমান, এখানে লুকানোর কিছু নেই। পরিদর্শনকালে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন উপস্থিত ছিলেন।