লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর আর্জেন্টিনা জাতীয় দলে এক নতুন যুগের সূচনা হয়েছে। দীর্ঘদিনের অধিনায়ক মেসির উত্তরসূরি হিসেবে দলের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে ২৮ বছর বয়সী ডিফেন্ডার ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরোর কাঁধে। ২০২৬ বিশ্বকাপের পর মেসি এবং অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি উভয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন, যার ফলে দলে নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণে কোচ লিওনেল স্কালোনি রোমেরোকেই সবচেয়ে যোগ্য হিসেবে বিবেচনা করেছেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুলের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই স্কালোনির কোচিং স্টাফ রোমেরোকে পরবর্তী অধিনায়ক করার পরিকল্পনা সাজিয়ে রেখেছিল। তাই মেসির বিদায়ের পর এই সিদ্ধান্তটি ছিল পূর্বপরিকল্পিত। আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের ধারায় রোমেরো এক অপরিহার্য নাম। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জয়ে রক্ষণভাগের এই তারকার অবদান ছিল অনস্বীকার্য। মাঠের খেলায় রক্ষণ সামলানোর পাশাপাশি তার আগ্রাসী মানসিকতা এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা দীর্ঘদিন ধরেই সবার নজর কেড়েছে।
নতুন এই যাত্রায় রোমেরোর সহযোগী হিসেবে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। আগামী ২১শে সেপ্টেম্বর থেকে ৬ই অক্টোবর পর্যন্ত ফিফার পরবর্তী উইন্ডো নির্ধারিত রয়েছে। তবে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ) এখনও আসন্ন আন্তর্জাতিক ম্যাচের সূচি বা প্রতিপক্ষের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। মেসি-ওতামেন্দির পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে আর্জেন্টিনা ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী বার্তা প্রদান করল।

