ইতালির ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে যোগ দিতে ইতালি গিয়ে তিনি হেনস্তা ও শারীরিক হামলার শিকার হয়েছেন। গত ৭ সেপ্টেম্বর, সোমবার দিবাগত রাতে নিজের ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে অবস্থানকালে আওয়ামী লীগ সমর্থক কিছু ব্যক্তি তার ওপর চড়াও হন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নিজের ফেসবুক পেজে এক আবেগী পোস্টে বাঁধন তার কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, জীবন যখন চরম সংকটের মুখে ফেলে, তখন অন্য প্রান্তে হয়তো সুন্দর কোনো প্রাপ্তি অপেক্ষা করে। অভিনেত্রী জানান, এই যাত্রায় অপমান, হয়রানি ও শারীরিক আক্রমণের পাশাপাশি নিজের পরিচিত মানুষদের কাছ থেকে দূরে সরে যাওয়ার মতো কষ্টও তাকে সইতে হয়েছে। তবে এই দুঃসময়ে অপ্রত্যাশিতভাবে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তির সমর্থন পেয়েছেন তিনি।
বাঁধন তার পোস্টে বাংলাদেশ ও ইতালি সরকার, ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং উৎসব কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, যখন তার সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন ছিল, তখন এসব কর্তৃপক্ষ তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এছাড়া যারা এই সময়ে তার খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন কিংবা সমবেদনা জানিয়েছেন, তাদের সবার প্রতিও তিনি হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানিয়েছেন। নিজের কিছু মানুষ যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন এই প্রতিষ্ঠান ও শুভাকাঙ্ক্ষীরাই তার সুরক্ষার প্রধান উৎস হয়ে উঠেছিলেন বলে জানান বাঁধন।

