ইতালির ভেনিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যরা হামলার শিকার হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের দৃশ্যমাধ্যম সমাজের ১২২ জন শিল্পী। এক যৌথ বিবৃতিতে তারা দাবি করেছেন, অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে হবে। একইসঙ্গে হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিল্পীদের মতে, কোনো শিল্পীর রাজনৈতিক মতাদর্শ বা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কারণে তাকে হেনস্তা বা আক্রমণের শিকার হতে হবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন আচরণ কেবল নিন্দনীয়ই নয়, বরং এটি শিল্পীর স্বাধীনতা, মানবাধিকার ও মানবিক মর্যাদার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে শিল্পীরা আরও উল্লেখ করেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় অনেক শিল্পীর মতো বাঁধনও অন্যায়, হত্যা ও দমন-পীড়নের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তবে ভিন্নমতের কারণে কাউকে অপমান, ভয় দেখানো কিংবা শারীরিকভাবে হেনস্তা করার অধিকার কারও নেই। রাজনৈতিক মতের ভিন্নতা কখনোই সহিংসতার বৈধতা দেয় না। বিশেষ করে একজন নারী শিল্পীর ওপর প্রকাশ্যে হামলা কোনোভাবেই প্রতিবাদের ভাষা হতে পারে না, বরং এটি নিছক সহিংসতার বহিঃপ্রকাশ। বাঁধনের প্রতি সংহতি জানিয়ে শিল্পীরা স্পষ্টভাবে বলেছেন, ভয় দেখিয়ে কোনো শিল্পীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। তারা ভেনিসের এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্তকরণ ও যথাযথ বিচারের দাবি পুনর্ব্যক্ত করেছেন।

