ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং ইয়ানবুতে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনায় দুটি বড় ধরনের সামরিক অভিযান চালানোর দাবি করেছে। শনিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, সৌদির চলমান অভিযানের পাল্টা জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে। হামলায় বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে তারা নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদের বেশ কয়েকটি স্পর্শকাতর স্থাপনা এবং ইয়ানবুতে আরামকোর স্থাপনা লক্ষ্য করে পরিচালিত উভয় অভিযানই সফল হয়েছে। হামলার পরপরই লক্ষ্যবস্তু এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রিয়াদের বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শনিবার সকালে রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ও আগুনের লেলিহান শিখা দেখা গেছে। হুতিরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযান ও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই পাল্টা আক্রমণ অব্যাহত থাকবে। তারা আরও জানায়, সৌদি আরবের বিরুদ্ধে ‘অবরোধের জবাবে অবরোধ’ ও ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি অনুসরণের পাশাপাশি দেশটির সামরিক সমাবেশ ও সেনাদের ওপরও হামলা চালানো হবে।

