নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল ৮টা ২১ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটে করে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাতে তিনি নিউইয়র্ক ত্যাগ করেছিলেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সফরকালে প্রধানমন্ত্রী ইউএনজিএ-র সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ প্রদান করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিনের তথ্য অনুযায়ী, চার দিনের কর্মব্যস্ত সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি ছিল বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। বাকি কর্মসূচির মধ্যে ছিল ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি ইভেন্ট এবং সাইডলাইনে আয়োজিত চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান।

বিভিন্ন ফোরামে আলোচনার সময় বাংলাদেশের জাতীয় স্বার্থ, উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তাঁর মতবিনিময় হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানও এই যাত্রায় অংশ নিয়ে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস ডায়ালগ এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।