এথেন্সে বিস্ফোরণে চার মার্কিন পর্যটকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সে একটি দোতলা আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে পর্যটন এলাকা প্লাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ধারণা অনুযায়ী, গ্যাস সংযোগের ত্রুটি থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র।

দমকল বাহিনীর মুখপাত্র ভ্যাসিলিস ভাথ্রাকোগিয়ানিস জানান, উদ্ধারকারী দল ভারী সরঞ্জাম, স্নিফার ডগ ও সেন্সর ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে ওই ছয়জনের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে ভবনে বসবাসকারী এক বয়োবৃদ্ধ দম্পতি এবং অন্য ফ্ল্যাটে অবস্থানরত চারজন মার্কিন পর্যটক রয়েছেন। নিহত ওই চার মার্কিন পর্যটক শুক্রবার বিকেলে নিজেদের ফিরতি ফ্লাইট ধরার অপেক্ষায় ছিলেন।

গ্রিসে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েল এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বিস্ফোরণস্থলটি এক্রোপলিস ও জিউসের মন্দিরের মতো জনপ্রিয় ঐতিহাসিক পর্যটনকেন্দ্রের সন্নিকটে অবস্থিত। শক্তিশালী বিস্ফোরণের ফলে আশপাশের অনেক গাড়ি ও দোকানপাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।