রাজশাহীর থ্রিস্টার মানের হোটেল ‘হোটেল এক্স’-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বেঙ্গল ফিল্ম সোসাইটি। এই চুক্তির ফলে এখন থেকে বেঙ্গল ফিল্ম সোসাইটির নিবন্ধিত সদস্যরা হোটেল এক্স-এ অবস্থানকালে বিশেষ মূল্যছাড়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। দুই প্রতিষ্ঠানের মধ্যকার এই অংশীদারিত্ব চলচ্চিত্র ও পর্যটন শিল্পের প্রসারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হোটেল এক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার খান মোহাম্মাদ জায়েদ, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাইনুল ইসলাম টিপু, ফ্রন্ট অফিসের সিনিয়র এক্সিকিউটিভ আমিত ঘোষ এবং অ্যাকাউন্টস এক্সিকিউটিভ মোহাম্মদ মোস্তাফিজ। অন্যদিকে বেঙ্গল ফিল্ম সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জীবন শাহাদাৎ, উপদেষ্টা মীর সাদিক এবং অর্থ সম্পাদক মো. মইনুল ইসলাম।
এ প্রসঙ্গে হোটেল এক্সের অপারেশন ম্যানেজার খান মোহাম্মাদ জায়েদ জানান, চলচ্চিত্র ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা এবং পর্যটন খাতের সম্ভাবনার বিষয়টি বিবেচনায় নিয়ে তারা বেঙ্গল ফিল্ম সোসাইটির সাথে কাজ করতে পেরে আনন্দিত। বেঙ্গল ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক জীবন শাহাদাৎ বলেন, দেশের সংস্কৃতি ও পর্যটন খাতের মেলবন্ধনে এই চুক্তি তাদের জন্য বেশ অনুপ্রেরণাদায়ক। তিনি হোটেল এক্স কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে, আরও বেশ কিছু প্রতিষ্ঠান তাদের সাথে যুক্ত হওয়ার আশ্বাস দিয়েছে।

