নতুন সিনেমার গানে কণ্ঠ দিলেন তানজিন মিথিলা

বেশ কয়েক বছর আগে চলচ্চিত্রে প্রথম কণ্ঠ দিলেও মাঝে দীর্ঘ বিরতিতে ছিলেন বর্তমান প্রজন্মের আলোচিত সংগীতশিল্পী তানজিন মিথিলা। এবার সেই বিরতি কাটিয়ে নতুন একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘ফিল্টার’ নামের এই সিনেমার জন্য গাওয়া গানটির শিরোনাম ‘বুঝে না বুঝে না মন’। গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর এবং সুর ও সংগীত পরিচালনায় ছিলেন সজীব খান। গানটিতে মিথিলার সঙ্গে সহশিল্পী হিসেবে গেয়েছেন মনির। গত তিন দিন আগে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নতুন এই গানটি নিয়ে বেশ আশাবাদী মিথিলা। তিনি জানান, ‘বুঝে না বুঝে না মন’ গানটির কথা ও সুর এত চমৎকার যে গানটি নিয়ে তার প্রত্যাশা অনেক বেড়ে গেছে। রেকর্ডিংয়ের সময় উপস্থিত সবার কাছ থেকেই তিনি দারুণ প্রশংসা পেয়েছেন। মিথিলা মনে করেন, সিনেমার একটি জনপ্রিয় গান দিয়ে একজন শিল্পী যুগ যুগ ধরে শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকতে পারেন। এই গানটিও দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে তার বিশ্বাস। এখন গানটি প্রকাশের অপেক্ষায় রয়েছেন তিনি।

সিনেমার এই গানের বাইরেও সম্প্রতি তানজিন মিথিলা আরও তিন-চারটি নতুন মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি স্টেজ শোতেও অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি ‘পিরিতি পিরিতি’ শিরোনামে তার একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে, যার কথা লিখেছেন আশিক মাহমুদ এবং সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ। গানটি গাওয়ার পাশাপাশি এর মিউজিক ভিডিওতেও পারফর্ম করেছেন মিথিলা।