মুল্লানপুরে অনুষ্ঠিত ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূর্ণ করতে ব্যর্থ হওয়ায় উভয় দলকেই জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচ রেফারি প্রকাশ ভাট আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়।
রোববার প্রকাশিত তথ্যে জানা গেছে, স্বাগতিক ভারত তাদের ম্যাচ ফির ২০ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজ ১০ শতাংশ জরিমানা গুনছে। ম্যাচ অফিসিয়ালদের পর্যবেক্ষণে দেখা যায়, ভারত তাদের বোলিং কোটা শেষ করতে চার ওভার পিছিয়ে ছিল। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ ৪৮.২ ওভারে ৩৫২ রানের লক্ষ্য তাড়া করে জয়ের পথে দুই ওভার পিছিয়ে ছিল। এই অভিযোগটি উত্থাপন করেন অন-ফিল্ড আম্পায়ান জয়রামন মদনগোপাল ও স্যাম নোগাজস্কি, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত এবং চতুর্থ আম্পায়ার বীরেন্দ্র শর্মা। উভয় দলের অধিনায়ক শুভমান গিল ও শেই হোপ কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানি ছাড়াই এই জরিমানা মেনে নিয়েছেন। আইসিসি নির্ধারিত সময়সীমা বিবেচনায় নিয়ে দেখা যায়, ক্যারিবিয়ানরা তাদের ৫০ ওভারের কোটায় দুই ওভার পিছিয়ে ছিল।
ক্যারিবীয়দের জন্য এই শাস্তি নতুন নয়, শেষ তিন মাসের মধ্যে ওয়ানডে ফরম্যাটে এটি তাদের দ্বিতীয় জরিমানা। এর আগে জুলাই মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও তারা একই অভিযোগে দণ্ডিত হয়েছিল। ভারতের জন্য সর্বশেষ এমন শাস্তির ঘটনা ঘটেছিল ২০২৫ সালের ডিসেম্বরে, রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে। এ নিয়ে শেষ তিন মাসের মধ্যে ওয়ানডে ফরম্যাটে দ্বিতীয়বারের মতো স্লো ওভার-রেটে পড়লো ক্যারিবিয়ানরা।
মাঠের এই শাস্তির রেশ না কাটতেই ভারত ও ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল থেকে দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে।

