ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে বিমানের আধুনিকায়ন অপরিহার্য। এই নতুন প্রজন্মের উড়োজাহাজগুলো দেশের এভিয়েশন শিল্পকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
তবে শুধুমাত্র আধুনিক বিমানের ওপর সাফল্য নির্ভর করে না বলে মন্তব্য করেন বিমানমন্ত্রী। তিনি আরও বলেন, একটি এয়ারলাইন্সের ভবিষ্যৎ মূলত এর সঙ্গে যুক্ত কর্মীদের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের ওপর নির্ভর করে। তাই তিনি নিরাপত্তা, দক্ষতা, সততা ও সময়ানুবর্তিতার মতো বিষয়গুলোতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সম্মিলিত প্রচেষ্টায় বিমানকে একটি প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার ওপর তিনি জোর দেন, যা দেশের নাগরিকদের জন্য গর্বের কারণ হবে। বিমানমন্ত্রী বলেন, “বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিমানের আধুনিকায়ন জরুরি।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ইয়োর্গেন ওয়েস্টারমেয়ার। এছাড়া বাংলাদেশ সরকার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ারবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

