শিশুদের শৈশব হতে হবে নিরাপদ: জুবাইদা রহমান

শিশুদের শৈশব নিরাপদ এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হওয়া বাঞ্ছনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। উপস্থিত শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, স্নেহের ছোট বন্ধুরা, সকল বাধা-বিপত্তি ছিন্ন করে তোমরা প্রস্ফুটিত হবে এবং তোমাদের মাঝে থাকা সুপ্ত অপার সম্ভাবনাকে নতুন উদ্যমে ও উদ্যোগে বিকশিত হতে দিতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রতিটি শৈশব নিরাপদ হোক এবং প্রতিটি শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত থাকুক।

শিশু একাডেমির অবদান ও রাজনৈতিক প্রেক্ষাপট

অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, আজ থেকে ৫০ বছর আগে শিশুদের সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর পদাঙ্ক অনুসরণ করেই নানাবিধ বাধা সত্ত্বেও এই প্রতিষ্ঠানটি শিশুদের মেধা বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে। একাডেমির আঙিনায় ছবি আঁকা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও সাহিত্য চর্চার মাধ্যমে অগণিত প্রতিভা গড়ে উঠছে। এছাড়া শিশুদের অধিকার প্রতিষ্ঠায় আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ব্যাপক সম্প্রসারণ করেছিলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব রওশন আরা বেগমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।