বাস্তব জীবনেও মন্ত্রীর মর্যাদা পেলেন মিঠুন চক্রবর্তী

সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী পর্দার বাইরে এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় ভূষিত হলেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার, ৭ অক্টোবর এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তার এই নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। এর মাধ্যমে তার দীর্ঘ অভিনয় জীবনের পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এবার বাস্তব জীবনেও মন্ত্রীর মর্যাদা পেলেন ভারতের এই অভিনেতা। এ পদটি পূর্ণাঙ্গ মন্ত্রীর সমমর্যাদার। উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুনকে নতুন দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিঠুন চক্রবর্তীর নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

স্মরণ করা যেতে পারে, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সাড়া জাগানো চলচ্চিত্র ‘মিনিস্টার ফাটাকেষ্ট’-এ একজন প্রতিবাদী ও প্রভাবশালী মন্ত্রীর চরিত্রে অভিনয় করে মিঠুন চক্রবর্তী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। সেই কাল্পনিক চরিত্রের আভা যেন এখন তার ব্যক্তিজীবনেও প্রভাব ফেলল। শুধু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেই নয়, আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক কমিটির মুখ্য উপদেষ্টা হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য যে, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদানের মাধ্যমে সরাসরি রাজনীতিতে যুক্ত হন মিঠুন চক্রবর্তী। অভিনয়ের মঞ্চ থেকে বেরিয়ে এসে তিনি রাজনৈতিক ময়দানেও তার সরব উপস্থিতি জানান দিয়েছিলেন। সাম্প্রতিক এই নিয়োগের ফলে রাজ্য প্রশাসনের সঙ্গে তার সম্পৃক্ততা আরও গভীর হলো। চলচ্চিত্র উৎসব আয়োজন এবং তথ্য ও সংস্কৃতি খাতে তার অভিজ্ঞতা ও পরামর্শ এখন রাজ্য সরকারের পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।