বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকান পরামর্শক খুঁজছে বিসিবি

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য কোচিং স্টাফে নতুন করে সংযোজন আনার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার ম্যালিবংওয়ে মাকেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার দলের প্রয়োজনে আরও একজন পরামর্শক নিয়োগ দেওয়ার বিষয়ে জোর আলোচনা চলছে।

আসন্ন এই ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায়। এই তিন আয়োজক দেশের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। সেখানের প্রতিকূল ও ভিন্নধর্মী কন্ডিশনের কথা মাথায় রেখেই বিসিবি দক্ষিণ আফ্রিকান কাউকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই ৩ দেশের মধ্যে সবচেয়ে বেশি খেলা হবে দক্ষিণ আফ্রিকায়।

এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী বলেন, বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় হওয়ায় সেখানকার কন্ডিশন বোঝেন এমন কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয়নি, অনেক যোগ্য প্রার্থীর সঙ্গেই যোগাযোগ চালিয়ে যাচ্ছে বোর্ড। মূলত স্বল্পমেয়াদী চুক্তিতেই এই পরামর্শককে দলে অন্তর্ভুক্ত করা হবে। সেক্ষেত্রে চুক্তিটা হতে পারে বেশ অল্প সময়ের জন্য।