জাতীয় যুবশক্তির বিক্ষোভ, প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল মো. আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। একই সঙ্গে প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা এবং নিয়োগে মেধার মূল্যায়নের দাবি জানিয়েছে সংগঠনটি। রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত ঘেরাও কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।

নেতৃবৃন্দের বক্তব্য ও অভিযোগ

কর্মসূচিতে যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, যুব উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি থাকলেও সরকার ক্ষমতায় আসার পর তা সচল করার কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তার অভিযোগ, চাকরি ও কর্মসংস্থানের সুযোগ পেতে তরুণদের এখন রাজনৈতিক পরিচয়ের ওপর নির্ভর করতে হচ্ছে। প্রশ্নফাঁসের তথ্য পরীক্ষার আগের রাতেই সামনে এলেও সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি, যা নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রতিমন্ত্রী আমিনুলের পদত্যাগ দাবি করে তিনি বলেন, যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার পরিবর্তে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাড়ছে। জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরহাদ সোহেল বলেন, বিএনপি দ্রুত আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মতো হওয়ার চেষ্টা করছে। রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে দলীয়করণ ও অকার্যকর করার অপপ্রয়াস চলছে।

ঘোষিত পাঁচ দফা দাবি

  • যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল মো. আমিনুল হকের পদত্যাগ।
  • প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
  • নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা।
  • ভেরিফিকেশনের নামে হয়রানি এবং ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা।
  • বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ।