মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করছেন বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। চলতি বছরের জুলাই মাস থেকে তিনি দলটির পেছনে ২৭ কোটি ৬০ লাখ বা ২৭৬ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছেন। এই বিশাল অংকের অনুদানের মাধ্যমে তিনি এবারের নির্বাচনের অন্যতম প্রধান অর্থদাতায় পরিণত হয়েছেন। অথচ গত মে মাসে রিপাবলিকান দলের নেতা ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রকাশ্য বিরোধ ও মতপার্থক্য তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই তিক্ততা কাটিয়ে দুই পক্ষের সম্পর্ক পুনরায় স্বাভাবিক হয়েছে। বর্তমানে মাস্কের এই আর্থিক সহযোগিতা রিপাবলিকানদের নির্বাচনী লড়াইয়ে বড় ধরনের অক্সিজেন হিসেবে কাজ করছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইলন মাস্কের প্রদান করা এই অর্থের বড় একটি অংশ অর্থাৎ ১৫ কোটি ৮০ লাখ ডলার দেওয়া হয়েছে ‘সিনেট লিডারশিপ ফান্ড’-কে। এটি মূলত রিপাবলিকান সিনেট প্রার্থীদের জেতানোর লক্ষ্যে কাজ করা প্রধান সুপার প্যাক। মার্কিন রাজনীতির ইতিহাসে এটি অন্যতম বৃহৎ ব্যক্তিগত রাজনৈতিক অনুদান হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া ইলন মাস্ক তার ব্যক্তিগত সুপার প্যাক ‘আমেরিকা প্যাক’-এ আরও ৭ কোটি ৬০ লাখ ডলার জমা দিয়েছেন। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে জয়ী করতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সচেতন করার যে কৌশল গ্রহণ করা হয়েছিল, এবারও সেই একই ধারার বড় নির্বাচনী তৎপরতা পরিচালনা করছে এই সংস্থাটি। এর বাইরে টেক্সাসের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের সমর্থনে কাজ করা ‘লোন স্টার লিবার্টি প্যাক’-কেও এক কোটি ডলার অনুদান দিয়েছেন মাস্ক।

তবে নির্বাচনের ময়দানে বিপুল অর্থ ঢাললেও ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার তুলনায় এবার অনেকটাই পর্দার আড়ালে রয়েছেন ইলন মাস্ক। সেই সময় ট্রাম্পের মঞ্চে সরাসরি উপস্থিতি এবং পরবর্তীতে সরকারি দক্ষতা বিভাগ বা ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’র দায়িত্ব নেওয়ার মতো ঘটনাগুলোর বিপরীতে এবারের কার্যক্রম বেশ নীরবেই সম্পন্ন হচ্ছে। সম্প্রতি ট্রাম্প মাস্ককে ‘ন্যাশনাল মেডেল অব সায়েন্স’ বা জাতীয় বিজ্ঞান পদক প্রদান করেছেন, যা তাদের পুনরায় ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দেয়। ফোর্বস ম্যাগাজিনের তথ্যমতে, শেয়ারবাজারে উত্থান-পতনের মাঝেও ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ আবারও এক ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্পের পাশে মঞ্চে দাঁড়িয়ে তাকে সমর্থন জানাতে দেখা গিয়েছিল মাস্ককে।

রিপাবলিকানদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই বিনিয়োগ তাদের নির্বাচনী বার্তাকে সাধারণ ভোটারদের দোরগোড়ায় পৌঁছে দিতে সাহায্য করেছে। ইলন মাস্কের সুপার প্যাকের মুখপাত্র অ্যানড্রু রোমিওর মতে, প্রচলিত রাজনৈতিক ধারার বিপরীতে রিপাবলিকানদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার সুযোগ করে দিয়েছে এই অর্থ। তবে ডেমোক্রেটরা মাস্কের এই বিপুল ব্যয়ের সমালোচনা করে একে নির্বাচন কেনা বা অর্থ দিয়ে নির্বাচনী দুর্বলতা আড়ালের চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে। ডেমোক্রেট সিনেট সংখ্যাগরিষ্ঠতা রক্ষার লড়াইয়ে যুক্ত ‘সিনেট মেজরিটি প্যাক’-এর মুখপাত্র লরেন ফ্রেঞ্চ বলেছেন, নিজেদের অজনপ্রিয় প্রার্থী ও অর্থনৈতিক ব্যর্থতা ঢাকতেই রিপাবলিকানরা বিপুল অর্থের জোরে নির্বাচন দখলের পায়তারা করছে। বর্তমানে নিত্যপণ্যের উচ্চমূল্য ও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে কিছুটা চাপের মুখে থাকা রিপাবলিকানদের জন্য মাস্কের এই অর্থ বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।