সৌদি আরবের মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় বুধবার মক্কা অঞ্চলে এই দণ্ডাদেশ বাস্তবায়ন করে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘আজেল নিউজ’ বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুই বাংলাদেশি নাগরিক হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।
মন্ত্রণালয়ের ভাষ্যমতে, নিরাপত্তা বাহিনী ওই দুই ব্যক্তিকে মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক করেছিল। পরবর্তী সময়ে আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাদের সর্বোচ্চ শাস্তির রায় প্রদান করেন। উচ্চপর্যায়ের অনুমোদনের পর চূড়ান্ত এই রায় কার্যকর করা হয়েছে। তবে ঠিক কী ধরনের অপরাধের কারণে তাদের এই সাজা দেওয়া হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে রায় চূড়ান্ত হওয়ার পর তা কার্যকর করা হয়।
বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ উল্লেখ করেছে, পবিত্র স্থান এবং মসজিদগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী আইন বাস্তবায়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে পবিত্র স্থানের পবিত্রতা ক্ষুণ্ন করে এমন যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

