হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ও স্বচ্ছতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর অংশ হিসেবে বিমানবন্দরের ৮টি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে এখন থেকে যাত্রীরা তাদের মালামাল হ্যান্ডলিংয়ের পুরো প্রক্রিয়া সরাসরি দেখতে পারবেন।
বেবিচকের তথ্য অনুযায়ী, উড়োজাহাজ থেকে লাগেজ নামানো থেকে শুরু করে তা বাছাই করা এবং অবশেষে বেল্টে পৌঁছানোর প্রতিটি ধাপ মনিটরের মাধ্যমে যাত্রীদের কাছে দৃশ্যমান থাকবে। এতে যাত্রী হয়রানি কমে আসবে এবং নিজের লাগেজ সংগ্রহের পুরো প্রক্রিয়া সম্পর্কে তারা স্বচ্ছ ধারণা পাবেন। মূলত যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যেই এই আধুনিক ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরেই হজরত শাহজালাল বিমানবন্দরে লাগেজ কাটা, মালামাল চুরি এবং বিভিন্ন ধরনের যাত্রী হয়রানির অভিযোগ উঠে আসছিল। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কর্তৃপক্ষ এমন প্রযুক্তিগত পদক্ষেপ নিল। ভবিষ্যতে যাত্রীসেবা আরও সহজতর করতে এ ধরনের উদ্যোগ চলমান থাকবে বলেও জানিয়েছে বেবিচক।

