জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও তাঁর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীর এই দ্বিপক্ষীয় সফরকে কেন্দ্র করে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দেশটিতে বর্তমানে ৫০ হাজারের বেশি বাংলাদেশি বসবাস করছেন, যাদের মধ্যে এই সফর নিয়ে নতুন করে বড় ধরনের প্রত্যাশা সৃষ্টি হয়েছে। সেখানে বসবাসরত ৫০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশির মধ্যে সফরটি নিয়ে নতুন করে ব্যাপক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতিমধ্যে প্রবাসীরা প্রধানমন্ত্রী এবং তাঁর সহধর্মিণীকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেছেন। তাঁরা ব্যানার ও ফেস্টুন তৈরির পাশাপাশি নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রমও চালাচ্ছেন। জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানো, দ্বিপক্ষীয় কর্মী চুক্তি, ভিসা জটিলতা নিরসন এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রবাসীরা বিশেষ পদক্ষেপের আশা করছেন।
প্রবাসীদের বিশ্বাস, জাপানি ব্যবসায়ীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক এবং জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামের আলোচনার মাধ্যমে দেশে বড় ধরনের জাপানি বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হবে, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। এছাড়া ঢাকা ও টোকিওর নারিতা বিমানবন্দরের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণায় প্রবাসীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। রাজনৈতিক এই সিদ্ধান্ত যাতায়াত ব্যবস্থায় নতুন গতি আনবে বলে মনে করছেন স্থানীয় বাংলাদেশিরা।

