ঢালিউড অভিনেত্রী পরীমনির প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ বার্তা দিয়েছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। রোববার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি শেয়ার করেন তিনি। সেখানে পরীমনির উদারতার কথা তুলে ধরার পাশাপাশি বিমানে শিউলি ফুল পাঠানোর এক ঘটনার উল্লেখ করে কৌতুকপূর্ণ মন্তব্য করেন জয়।
ফেসবুক পোস্টে জয় উল্লেখ করেন, পরীমনি বর্তমান সময়ের এমন একজন নায়িকা যিনি চলচ্চিত্র শিল্পকে নিজের মনে করেন। সহকর্মীদের সম্মান জানানোর পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতায় মানুষকে আপ্যায়িত করার গুণ তার রয়েছে। প্রচার পাওয়ার জন্য নয়, বরং আন্তরিকতা থেকেই তিনি এসব করেন। জয় তাকে দেশের অন্যতম শীর্ষ তারকা আখ্যা দিয়ে শুভকামনা জানান।
একই পোস্টে বিমানে করে পরীমনিকে শিউলি ফুল পাঠানোর রহস্যময় প্রসঙ্গটি আনেন এই পরিচালক। রসিকতা করে তিনি লেখেন, গত রাত থেকেই চট্টগ্রামের ধনকুবেরদের স্ত্রীরা বেশ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বিমানে ফুল পাঠানো সেই ব্যক্তিটি আসলে কার স্বামী—তা নিয়ে চলছে জল্পনা। সেই সঙ্গে উক্ত ব্যক্তিকে গোপন থাকার পরামর্শ দিয়ে নিজের অতীত অভিজ্ঞতার কথাও ব্যক্ত করেন জয়।

