হাসিনার দেশে ফেরার ঘোষণা কেবলই ফাঁকা বুলি: ড্যানিলোভিচ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা এসেছে, তা অবাস্তব এবং রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এর মাধ্যমে হাসিনা মূলত দেশের ভেতরে তার দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে চাইছেন। এছাড়া দেশের রাজনীতিতে নিজের গুরুত্ব হারিয়ে ফেলার যে বাস্তবতা তৈরি হয়েছে, তা থেকে মানুষের নজর ঘোরাতেই এমন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য অনুরোধ জানানোর পর তার ফিরে আসার পরিকল্পনা নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। তবে ড্যানিলোভিচ বিষয়টিকে বাস্তবসম্মত মনে করছেন না। তার মূল্যায়নে, এসব উদ্যোগের পেছনে কোনো বস্তুনিষ্ঠ প্রস্তুতি নেই, বরং এর পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিত। নয়াদিল্লিতে হাসিনার দীর্ঘ অবস্থান ভারতের জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি বড় কূটনৈতিক বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি মনে করেন।

সাবেক এই মার্কিন কূটনীতিক আরও উল্লেখ করেন, ভারতের নীতিনির্ধারকদের একাংশ হয়তো এখনো মনে করেন যে, হাসিনা ও তার দল নয়াদিল্লির প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে কাজ করতে সক্ষম। কিন্তু নরেন্দ্র মোদি সরকারের কাছে এটি এখন স্পষ্ট হওয়া উচিত যে, দেশটিতে হাসিনার উপস্থিতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। ড্যানিলোভিচ দৃঢ়তার সঙ্গে বলেন, তিনি নিশ্চিত যে মোদি সরকার এই সমস্যা থেকে দ্রুত বের হওয়ার পথ খুঁজছে। সেক্ষেত্রে হাসিনার অন্য কোনো তৃতীয় দেশে স্থায়ীভাবে বসবাসের বিষয়টিও সমাধানের অংশ হতে পারে বলে ধারণা তার।