গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল: স্পিকার হাফিজ উদ্দিন

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বীরোচিত সাহসিকতার পাশাপাশি দেশের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি দেশের টেকসই উন্নয়নের ক্ষেত্রে গণতন্ত্রের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন।

স্পিকার বলেন, দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত রাখা এক পরম গৌরবের বিষয়। দেশের প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে সামরিক বাহিনীর সদস্যরা সবসময় অবদান রেখেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি জানান, একাত্তরে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। তবে স্বাধীনতার পরবর্তী সময়ে এই বাহিনীর অবদান ও কৃতিত্বকে অস্বীকারের চেষ্টা করা হয়েছে। ইতিহাস বিকৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাধারণ মানুষের জীবন বাঁচাতে তৎকালীন সময়ে প্রশিক্ষণ ছাড়াই দেশের মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। পৃথিবীর অন্য জাতির তুলনায় বাঙালিরা অনেক বেশি সাহসী বলেও তিনি মন্তব্য করেন।

বিগত ১৫ বছরের সময়কালকে দুঃশাসনের ইতিহাস আখ্যা দিয়ে স্পিকার বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা এক অনন্য সাহসিকতার পরিচয় দিয়েছে। তিনি শহীদ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার ঘটনা স্মরণ করে বলেন, ওই গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মহান মুক্তিযুদ্ধের অন্যতম মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা, তাই টেকসই উন্নয়নের জন্য গণতন্ত্রকে সুসংহত করার কোনো বিকল্প নেই।

সিলেটের এমসি কলেজের যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি কর্নেল মোদাচ্ছির আলী খানের সাহসিকতার প্রশংসা করেন এবং নিজের সামরিক জীবনের আট বছরকে জীবনের শ্রেষ্ঠ সময় হিসেবে বর্ণনা করেন। রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্মান ও গৌরবের কথা উল্লেখ করে তিনি বলেন, সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, তেমনি রাওয়ার অংশ হওয়াও সম্মানের। অনুষ্ঠানে সামরিক বাহিনীর জ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রাক্তন সেনাসদস্য এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।