গোপালগঞ্জ ছাড়া আ.লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী আন্দালিভ পার্থ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের লগি-বইঠা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা দলটির চরম দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

সোমবার সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে দলটির কোনো অস্তিত্ব নেই, এটিই বর্তমান পরিস্থিতির প্রকৃত প্রমাণ। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন।

রোববার দিনভর গোপালগঞ্জ শহরে লাঠি, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশি অস্ত্র হাতে মহড়া দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কর্মীরা। বেলা ১১টা থেকে শুরু হয়ে পৌনে ২টা পর্যন্ত স্থায়ী এই মিছিলে অংশ নেওয়া অনেকের মাথায় হেলমেট ছিল। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। এছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়েছে বলেও তথ্য পাওয়া গেছে।

গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুটি কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। পৃথক ঘটনায় বিকেলে টুঙ্গিপাড়া থানার এক এসআইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী ছিলেন ওই পুলিশ কর্মকর্তা। সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জের সামগ্রিক পরিস্থিতি ও ভাঙচুর ইস্যুতে প্রশাসন নড়েচড়ে বসেছে। ইতিমধ্যে জেলার ডিসি ও এসপির পর তিন ওসিকে বদলি করা হয়েছে। সরকারি কঠোর হুশিয়ারি সত্ত্বেও এমন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এদিকে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে এবং সরকার এ ধরনের কর্মকাণ্ড মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে।