যশোরের মনিরামপুরে একটি মোটরসাইকেল চুরির মাত্র তিন ঘণ্টার মধ্যেই তা উদ্ধার করে স্থানীয়দের মাঝে ব্যাপক সন্তোষ তৈরি করেছে থানা পুলিশ। পুলিশের এই দ্রুত ও কার্যকর অভিযানে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ সর্বমহলে প্রশংসিত হচ্ছেন।
জানা গেছে, মনিরামপুর পৌরশহরের একজন বেসরকারি ক্লিনিকের স্বত্বাধিকারী আব্দুল হাই গত রোববার দুপুরে তার ব্যবহৃত অ্যাপাচি ফোরভি মডেলের মোটরসাইকেলটি নিয়ে পৌর এলাকার জয়নগর গ্রামের একটি বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলেন। খাওয়া-দাওয়া শেষে বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি বাইরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। তাৎক্ষণিকভাবে তিনি চুরির বিষয়টি বুঝতে পেরে মনিরামপুর থানার ওসি আবু সাঈদকে অবহিত করেন।
খবর পাওয়ার পরপরই ওসি আবু সাঈদ দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) সুজন মাহমুদসহ পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে।
পুলিশের জোরদার তৎপরতার ফলস্বরূপ, সন্ধ্যার দিকে পৌর এলাকার নিকটবর্তী জয়পুর গ্রামের একটি বিদ্যালয়ের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে মোটরসাইকেলের মালিক আব্দুল হাই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হলে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে তার কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মনিরামপুর থানার ওসি আবু সাঈদ বলেন, “মোটরসাইকেল চুরির সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের পুলিশ দল মাঠে নেমে পড়ে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট আরও জোরদার করা হয়। আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণেই অল্প সময়ের মধ্যে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে।”
উপ-পরিদর্শক (এসআই) সুজন মাহমুদ জানান, “ওসি স্যারের নির্দেশনা অনুযায়ী পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছিল। এই নজরদারির একপর্যায়ে জয়পুর গ্রামের একটি বিদ্যালয়ের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।”
