পুলিশের সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা এক প্রজ্ঞাপনে এ রদবদল কার্যকর করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসানকে বরিশালে, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে এসবিতে এবং মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অ্যান্টি টেররিজম ইউনিটে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলে এবং কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে এসবিতে বদলি করা হয়েছে। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে দায়িত্ব বুঝিয়ে না দিলে ৪ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।