বিশ্বকাপে মেসিকে ছাড়িয়ে কেইনের নতুন রেকর্ড

বিশ্বকাপ মঞ্চে হ্যারি কেইনের নতুন কীর্তি

বুধবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক হাইভোল্টেজ ম্যাচে ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। এই বড় জয়ের রাতে জোড়া গোল করে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন নিজের নামে একাধিক রেকর্ড লিখিয়েছেন। এই রেকর্ডগুলোর মধ্যে একটিতে তিনি কিংবদন্তি লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন। আর অন্য একটি রেকর্ডে ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।

পেনাল্টি থেকে মেসির রেকর্ড ভাঙলেন কেইন

ম্যাচের শুরুতেই লুকা মদ্রিচের ফাউলের কারণে পেনাল্টি পায় ইংলিশরা। খেলার ১১ মিনিটে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া প্রথম পেনাল্টি শটটি ক্রোয়েশিয়ার গোলকিপার ঠেকিয়ে দেন। তবে শট নেওয়ার আগে গোলকিপার লাইন ছেড়ে বেরিয়ে আসায় হ্যারি কেইন পুনরায় শট নেওয়ার সুযোগ পান। দ্বিতীয়বারের পেনাল্টি শটে আর কোনো ভুল করেননি ইংল্যান্ডের এই অধিনায়ক। বিশ্বকাপের মঞ্চে এটি কেইনের পঞ্চম পেনাল্টি গোল (টাইব্রেকার বাদে)। বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে এত গোল আর কোনো ফুটবলার করতে পারেননি। এই রেকর্ড গড়ার পথে কেইন যৌথভাবে ৪ গোল করা লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং রব রেনসেনব্রিঙ্ককে ছাড়িয়ে গেছেন।

তিন ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব

কেইনের এই গোলটি তাকে আরেকটি রেকর্ডের মালিক করেছে। ডেভিড বেকহ্যামের (১৯৯৮, ২০০২ ও ২০০৬) পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়লেন কেইন (২০১৮, ২০২২ ও ২০২৬)।

লিনেকারের রেকর্ডে ভাগ বসালেন কেইন

এ ছাড়া, হ্যারি কেইন ম্যাচের ৪২ মিনিটে হেড থেকে তার দ্বিতীয় গোলটি করেন। এটি ইংলিশ স্ট্রাইকারের বিশ্বকাপে দশম গোল। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে এটি সর্বোচ্চ গোলের যৌথ রেকর্ড। এর আগে ইংল্যান্ডের জার্সিতে গ্যারি লিনেকার বিশ্বকাপে ১০ গোল করেছিলেন। গতকালের জোড়া গোলে সেই রেকর্ডে ভাগ বসালেন কেইন।

কন্টেন্ট: সংগৃহীত