ইউরোপীয় মহাকাশ সংস্থা কর্তৃক মঙ্গলগ্রহে ডাস্ট ডেভিলের স্পষ্ট ছবি প্রকাশ
ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) সম্প্রতি মঙ্গলগ্রহের পৃষ্ঠে ঘূর্ণায়মান ধুলিঝড়, যা ‘ডাস্ট ডেভিল’ নামে পরিচিত, তার কিছু অসাধারণ চিত্র উন্মোচন করেছে। এই ছবিগুলো মার্স এক্সপ্রেস মহাকাশযানের মাধ্যমে ধারণ করা হয়েছে, যা ২০০৩ সাল থেকে লাল গ্রহটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছে।
এই চিত্রগুলো মঙ্গলগ্রহের উত্তরাঞ্চলে অবস্থিত বিশাল ক্যানিয়ন এলাকা মামার্স ভ্যালেসে তোলা হয়েছে। হাই রেজোলিউশন স্টেরিও ক্যামেরা ব্যবহার করে ধারণ করা ছবিতে অন্তত ৩০টি সক্রিয় ডাস্ট ডেভিল ঘূর্ণিঝড় আকারে ঘুরতে দেখা গেছে। ছবিগুলোতে এগুলোকে ছোট হলুদ বিন্দুর মতো দেখা যাচ্ছে, যার পেছনে গোলাপি রঙের ধুলোর রেখা স্পষ্ট।
বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন যে, সূর্যের তাপে মঙ্গলগ্রহের পৃষ্ঠ উত্তপ্ত হলে নিচের বাতাস দ্রুত উপরের দিকে উঠে যায়। এই প্রক্রিয়ায় বাতাস তার সঙ্গে ধুলাবালি তুলে নিয়ে ঘূর্ণি তৈরি করে, যা ডাস্ট ডেভিল নামে পরিচিত।
এই মঙ্গলীয় ঘূর্ণিঝড়গুলো পৃথিবীর মরুভূমিতে দেখা একই ধরনের ধুলিঝড়ের মতো হলেও আকারে অনেক বড়। এগুলি প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত উচ্চতা অর্জন করতে পারে এবং কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ঘুরতে সক্ষম। এদের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১৫৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা পূর্বের ধারণার চেয়েও বেশি। উল্লেখ্য, মামার্স ভ্যালেস একটি প্রাচীন ক্যানিয়ন অঞ্চল, যার দৈর্ঘ্য প্রায় ১,০০০ কিলোমিটার এবং এর বয়স আনুমানিক ৩.৮ বিলিয়ন বছর।
মহাকাশ সংস্থাটি আরও জানিয়েছে যে, এই অঞ্চলের ছবি আগেও ২০০৮ এবং ২০১৯ সালে তোলা হয়েছিল। তবে এবার সরাসরি সক্রিয় ডাস্ট ডেভিল দেখা যাওয়ায় গবেষকরা মঙ্গলগ্রহের আবহাওয়া এবং বায়ুর গতিবিধি সম্পর্কে নতুন ও গভীর ধারণা পাবেন বলে আশা করছেন।
