বোরো মৌসুম শেষ না হতেই রাজধানীর বাজারে চালের দাম বাড়তে শুরু করেছে। সরু, মাঝারি ও মোটা চালের দাম কেজিতে দুই থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে। ধানের মৌসুমে চালের এমন মূল্যবৃদ্ধিতে ক্রেতারা, বিশেষ করে স্বল্প আয়ের মানুষরা বিপাকে পড়েছেন।
এই দাম বৃদ্ধির জন্য খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মিলারদের দায়ী করছেন। তবে মিলারদের দাবি, মৌসুম শেষের দিকে হওয়ায় কৃষকদের কাছে এখন ধান নেই, সব ধান চলে যাওয়ায় দাম বাড়ছে।
