তরুণ ফরোয়ার্ড এন্দ্রিকের বিশ্বকাপ অভিষেকের জন্য অপেক্ষা এখনো শেষ হয়নি। উত্তর আমেরিকা বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে তাকে একাদশে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। তবে অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো এন্দ্রিকের মতো তরুণদের হাতেই সেলেসাওদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন। ১৯ বছর বয়সী এই স্ট্রাইকারের প্রতি নিজের গভীর মুগ্ধতা ও আস্থার কথা জানিয়ে দানিলো স্পষ্ট করেছেন যে, তারা এন্দ্রিককে বড় দায়িত্বেই দেখতে চান।
মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল। চোটের কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের প্রাণভোমরা নেইমার খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে আক্রমণভাগের নেতৃত্ব দেন ভিনিসিউস জুনিয়র, যিনি দলের সমতাসূচক গোলটিও করেন। তবে ভিনিসিউস ছাড়া আক্রমণভাগের অন্য খেলোয়াড়রা তেমন সুবিধা করতে পারেননি। এর ফলে মরক্কো ম্যাচে বেঞ্চে বসে থাকা এন্দ্রিকের নাম স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে এসেছে।
এন্দ্রিকের আন্তর্জাতিক ক্যারিয়ার বেশ উজ্জ্বল। ২০২৩ সালে যখন এন্দ্রিক প্রথম জাতীয় দলে ডাক পান, তখন তিনি কিংবদন্তি রোনালদো নাজারিওর পর ব্রাজিলের সবচেয়ে কমবয়সী পুরুষ ফুটবলার হিসেবে পরিচিতি লাভ করেন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের ইতিহাসের চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তার অভিষেক হয়। অভিষেকের মাত্র চার মাস পর নিজের তৃতীয় আন্তর্জাতিক ম্যাচে প্রথম গোলের দেখা পান এই তরুণ তুর্কি। এরপর টানা তিন ম্যাচে গোল করে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দেন।
বাংলাদেশ সময় আগামী শনিবার সকাল সাড়ে ৬টায় ফিলাডেলফিয়ায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে এন্দ্রিক শুরুর একাদশে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে এই ম্যাচকে সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এন্দ্রিকের ভূয়সী প্রশংসা করেছেন দানিলো। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন, এন্দ্রিক ব্রাজিলিয়ান ফুটবলের একটি দুর্লভ রত্ন। সে অত্যন্ত শক্তিশালী এবং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার মতো একজন তারকা ফুটবলার।
দলীয় পরিকল্পনায় তরুণ খেলোয়াড়দের গুরুত্বের কথা উল্লেখ করে দানিলো আরও জানান যে, কাসেমিরো, নেইমার কিংবা তার নিজের মতো অভিজ্ঞদের জন্য এটি হয়তো শেষ সুযোগ। এরপর এই তরুণরাই জাতীয় দলকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তাই তরুণরা যাতে দলে নিজেদের গুরুত্বপূর্ণ মনে করতে পারে, সেই অনুকূল পরিবেশ তৈরি করা অভিজ্ঞ খেলোয়াড়দের দায়িত্ব। মরক্কো ম্যাচে এন্দ্রিককে না খেলানো কোচের সিদ্ধান্ত ছিল উল্লেখ করে দানিলো আশাবাদ ব্যক্ত করেন যে, খুব দ্রুতই এন্দ্রিক সেলেসাওদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে উঠবেন।
