মুন্সীগঞ্জে ইলিয়াস মোল্লা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্বকোলা গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস মোল্লাকে হত্যার বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ১১টার দিকে সিরাজদিখান উপজেলার শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের ছাতিয়ানতলী এলাকায় স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর উপজেলা সিংপারা বাজারে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ইলিয়াস মোল্লাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মধ্যে দুজনকে এখনো গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা হুশিয়ারি দেন যে, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে নামা হবে। বিক্ষোভ মিছিল থেকে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

উক্ত কর্মসূচিতে কোলা ইউনিয়ন বিএনপির আক্কাস আলী, যুবনেতা হুসেইন মুহম্মদ শাহআলম, বিএনপি নেতা ডা. শামসুদ্দিন মিলন মোল্লা, নিহত ইলিয়াস মোল্লার স্ত্রী লিপি বেগম, জামাতা জামাল শেখ, আওলাদ শেখ, ইদ্রিস মোল্লা, আহত এসেক মোল্লা ও তার স্ত্রী নিলুফা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মূল দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।