বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের ৯৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণার তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে রাফায়েল ইমতিয়াজ ইয়ামিনকে সভাপতি এবং মো. জহির রায়হানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য পদের মধ্যে ১২ জনকে সহ-সভাপতি, ২৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জনকে সহ-সাধারণ সম্পাদক এবং ১৪ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া ছয়জন সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে চলতি বছরের শুরুর দিকে বেরোবি শাখা ছাত্রদলের একটি আংশিক কমিটি গঠন করা হয়েছিল, যেখানে রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন ও মো. জহির রায়হানকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছিল। প্রায় সাত মাস পর এবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
নতুন এই কমিটি নিয়ে সাধারণ সম্পাদক মো. জহির রায়হান বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ায় তারা আনন্দিত। তিনি আরও জানান, শিক্ষার্থীদের অধিকার আদায়, তাদের কল্যাণ এবং ক্যাম্পাসে একটি সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই নতুন কমিটি কাজ করে যাবে।
সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন জানান, নতুন কমিটিতে পরীক্ষিত ও যোগ্য নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলা হবে।

