ইরানের নতুন হামলার জেরে কুয়েত ও বাহরাইনে সতর্কতা

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কুয়েত ও বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় দেশ দুটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করা হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের এই হামলার প্রেক্ষাপটে তারা প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে দেশটির নাগরিকদের সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে আতঙ্কিত না হয়ে নিকটস্থ নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছে।

এর আগে, ইরানের কিশ ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালায়। ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, গত কয়েক দিনে দ্বীপ দুটিতে একাধিকবার মার্কিন হামলা হয়েছে। তবে সর্বশেষ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তেহরান তাৎক্ষণিক কোনো তথ্য প্রকাশ করেনি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপটি হরমুজ প্রণালির সবচেয়ে বড় দ্বীপ হিসেবে পরিচিত, যা ইরান তাদের নৌপথের প্রভাব বজায় রাখতে ব্যবহার করে। বিশ্লেষকদের ধারণা, সেখানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সংরক্ষিত থাকায় এলাকাটি মার্কিন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের সম্ভাব্য হামলা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমির ডিমোনা শহরে এক সম্মেলনে তিনি বলেন, ইসরায়েলের ওপর হামলা হলে অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, কারো আঘাতের পর চুপ থাকার সময় শেষ হয়েছে।

উল্লেখ্য যে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই এই সংঘাতের সূচনা হয়। যদিও গত সপ্তাহ থেকে পরিস্থিতি উত্তপ্ত, তবে এখন পর্যন্ত ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় তেহরান জানিয়েছে, তারা পারস্য উপসাগর অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালানো অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ইরানি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, সাম্প্রতিক কয়েক দিনে দ্বীপ দুটিতে একাধিকবার মার্কিন হামলা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy