ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) নয়াদিল্লিতে আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনার ওই সাক্ষাৎকার এবং তার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতের মনোভাব জানতে চান এক সাংবাদিক। এ সময় তিনি প্রশ্ন করেন, শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের কোনো আলোচনা হয়েছে কি না।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সরাসরি কোনো উত্তর না দিয়ে জানান, এই বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, যেকোনো প্রত্যাবাসন ইস্যু মূলত একটি আইনি বিষয়। এটি আইনি প্রক্রিয়া অনুযায়ীই নিষ্পত্তি করা হবে।
ব্রিফিংয়ে বাংলাদেশে চলমান ভারতীয় উন্নয়ন প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলা হয়। এক সাংবাদিক জানতে চান, পরিবর্তিত পরিস্থিতিতে ঘোষিত ১১টি প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার কোনো আশঙ্কা আছে কি না। এর উত্তরে রণধীর জয়সোয়াল জানান, উন্নয়নমূলক সহযোগিতা প্রকল্পগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতেই গৃহীত হয়েছে এবং সেই ধারাবাহিকতা বজায় থাকবে।

