বিখ্যাত আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার ৮১ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার তার প্রতিনিধি ফিল বেলফিল্ড বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বৃহস্পতিবার রাতে ডাবলিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, মৃত্যুর আগে তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন।
ফিল বেলফিল্ড এক বিবৃতিতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তাকে হারানোর মাধ্যমে বিশ্ব একজন অনন্য প্রতিভাকে হারাল। তিনি আরও বলেন, তাকে জানা, ভালোবাসা এবং তার সাথে কাজ করা ছিল আমার জন্য গর্বের। বিশ্বজুড়ে অগণিত চলচ্চিত্র ও টেলিভিশন ভক্তের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন।
ব্রেন্ডা ফ্রিকার ১৯৮৯ সালে 'মাই লেফট ফুট' সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার জয় করেন। সিনেমাটিতে তিনি আইরিশ লেখক ক্রিস্টি ব্রাউনের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তার এই জয়ের মাধ্যমে প্রথম কোনো আইরিশ নারী অস্কার জয়ের গৌরব অর্জন করেছিলেন।
অভিনয় জীবনে তিনি 'হোম অ্যালোন ২' সিনেমায় 'পিজিয়ন লেডি' চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এছাড়া 'আ টাইম টু কিল' ও 'সো ই ম্যারিড এন এক্স মার্ডারার'-এর মতো জনপ্রিয় সিনেমায় তাকে দেখা গেছে। ব্রেন্ডার জন্ম ডাবলিনে। তিনি লন্ডনের মঞ্চে অভিনয়ের পাশাপাশি ১৯৮৬ সালে বিবিসি'র দীর্ঘতম প্রাইমটাইম মেডিকেল ড্রামা 'ক্যাজুয়ালটি'-এর মূল কুশীলবদের একজন ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, তিনি আয়ারল্যান্ডের অন্যতম সেরা সম্পদ ছিলেন এবং বিশ্বমঞ্চে আইরিশ প্রতিভার সত্যিকারের দূত হিসেবে কাজ করেছেন। তিনি আরও যোগ করেন, তার মতো প্রতিভা আমরা আর কখনোই দেখতে পাব না।

