নামাজের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো মহান আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা। এই ইবাদত পালনের সময় সর্বোচ্চ মনোযোগ এবং একাগ্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। নামাজে দৃষ্টি এদিক-সেদিক ফেরানোর অভ্যাস নামাজের খুশু বা বিনয় এবং খুজু বা একাগ্রতাকে ক্ষতিগ্রস্ত করে, যা ইবাদতের অন্তর্নিহিত সৌন্দর্য ও গভীরতাকে কমিয়ে দেয়।
এ বিষয়ে আবু উসমান (রা.) একটি ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, একবার তিনি সালমান ফারসি (রা.)-এর সঙ্গে একটি গাছের নিচে অবস্থান করছিলেন। তখন সালমান ফারসি (রা.) গাছের একটি শুকনো ডাল নিয়ে ঝাড়া দিলেন, যার ফলে গাছের পাতাগুলো ঝরে পড়ল। এরপর তিনি আবু উসমানকে বললেন, তিনি কেন এমনটি করেছেন তা জানতে চাইবেন কি না। আবু উসমান কারণ জানতে চাইলে তিনি বলেন, অতীতে তিনি রাসুল (সা.)-এর সঙ্গে একটি গাছের নিচে ছিলেন। তখন রাসুল (সা.)-ও সেই গাছ থেকে একটি শুকনো ডাল নিলেন এবং তা ঝাড়া দিলেন, এতে পাতাগুলো পড়ে গেল।
সেই ঘটনা উল্লেখ করে সালমান ফারসি (রা.) বলেন, তখন রাসুল (সা.)-কেও তিনি একই প্রশ্ন করেছিলেন। উত্তরে রাসুল (সা.) বলেছিলেন, একজন মুসলমান যখন ভালোভাবে অজু করে এবং নামাজ আদায় করে, তখন তার গুনাহগুলো ঠিক সেভাবেই ঝরে যায়, যেভাবে ওই গাছের পাতাগুলো ঝরে পড়েছিল। (মুসনাদে আহমাদ : ৯)।

