টানা নবম রাতে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে টানা নবম রাতের মতো নতুন দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্র সময় রোববার সন্ধ্যা ৭টা থেকে এই নতুন দফার হামলা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এই ধারাবাহিক হামলার জেরে ইরানের একাধিক শহরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম সোমবার স্থানীয় সময় জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে।

এছাড়া ওমান উপসাগর তীরবর্তী চাবাহার ও কোনারাক, পারস্য উপসাগর উপকূলের বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনি, হরমুজ প্রণালির উপকূলীয় শহর জাস্ক ও সিরিক এবং বন্দরনগরী বুশেহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং রাষ্ট্রীয় গণমাধ্যম এসব এলাকায় হামলা ও বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই হতাহত বা ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রও হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বা অভিযানের ফলাফল সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। মধ্যপ্রাচ্যে চলমান এই ধারাবাহিক হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করা হচ্ছে।