হরমুজ প্রণালিতে ইরানের হামলায় বিকল দুই তেলবাহী ট্যাংকার

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি এখন পুরোপুরি সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। ইরানের পূর্বানুমতি ছাড়া এই পথ দিয়ে যাতায়াতের সময় দুটি তেলবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে। ঘটনার সূত্রপাত হয় যখন মার্কিন সামরিক সহায়তায় চারটি বাণিজ্যিক জাহাজ তেহরানের নির্দেশ উপেক্ষা করে প্রণালিটি অতিক্রমের চেষ্টা চালায়।

ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) জানিয়েছে, তারা জাহাজগুলোকে সতর্ক করেছিল। এর মধ্যে দুটি জাহাজ পিছু হটলেও বাকি দুটি জাহাজ তাদের চলাচল অব্যাহত রাখে। এর পরপরই ইরানের বাহিনী জাহাজ দুটির ওপর আক্রমণ চালায়, যার ফলে সেগুলোতে আগুন ধরে যায়। ইরান দাবি করেছে যে, তাদের আক্রমণের মুখে জাহাজ দুটি বিকল হয়ে পড়েছে।

যুক্তরাজ্য সামুদ্রিক বাণিজ্য সংস্থা (ইউকেএমটিও) ওমান উপকূলের কাছে একটি জাহাজে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ সবকটি বন্দরে নৌঅবরোধ জারি করার ঘোষণা দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান কঠোর অবস্থান নিয়ে জানিয়েছে, তেহরানের নিয়ম বা আগাম অনুমতি ছাড়া মার্কিন সহায়তায় কোনো বাণিজ্যিক জাহাজকে আর এই প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও জ্বালানি এই পথ দিয়েই পরিবাহিত হয়ে থাকে।

ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি পার হতে গিয়ে আক্রমণের মুখে পড়েছে ২ টি তেলবাহী ট্যাংকার।

কন্টেন্ট: সংগৃহীত