ভারতে জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জেরে তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত বিক্ষোভকারীরা উল্লাসে ফেটে পড়েন। এই আন্দোলনের সঙ্গে যুক্ত ককরোচ জনতা পার্টি (সিজেপি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ‘শিক্ষার্থীদের শক্তি দীর্ঘজীবী হোক।’
সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে যন্তর মন্তরের মঞ্চ থেকে বলেন, ‘আমরা পেরেছি। অনেকে বলতেন, এই সরকারের আমলে কেউ পদত্যাগ করে না। কিন্তু আমরা তা সম্ভব করেছি।’
নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন গত কয়েক দিনে ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে এটি দেশটির জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়।

