রাজধানীর বংশালে আলু বাজারে একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় নাপিত ও কাস্টমারসহ মোট ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গুলিস্তান আলু বাজারের ‘আরমান সেলুন’ নামের প্রতিষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন নাপিত সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬) ও আরমান (৩৭)। এছাড়া দগ্ধ গ্রাহকদের মধ্যে রয়েছেন মো. ফারুক (৩৫), রিনকো (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) ও সাকিব (১৭)।
প্রত্যক্ষদর্শী ও দগ্ধদের ভাষ্যমতে, রাত ১টার দিকে সেলুনের এসি থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় সেলুনে উপস্থিত সবাই আগুনে দগ্ধ হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বংশাল আলু বাজার এলাকা থেকে দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে সামশেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ এবং সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দগ্ধদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

