তৃতীয়বারের মতো নতুন সিনেমায় জুটি বাঁধছেন নিশো–তমা

‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর তৃতীয়বারের মতো বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আফরান নিশো ও তমা মির্জা। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে নতুন একটি সিনেমায় জুটি হচ্ছেন এই দুই তারকা। নাম চূড়ান্ত না হওয়া এই ছবিটি পরিচালনা করবেন ভিকি জাহেদ, যা তাঁর ক্যারিয়ারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হতে যাচ্ছে।

ছবিটির প্রযোজনা করছে আলফা আই, যারা এর আগে নিশো-তমা জুটির ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমা দুটি প্রযোজনা করেছিল। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা আসেনি, তবে প্রযোজনা-সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। জানা গেছে, কয়েক দিনের মধ্যেই প্রধান চরিত্রের শিল্পীদের নিয়ে স্ক্রিপ্ট রিডিং সেশন শুরু হওয়ার কথা রয়েছে এবং এরপরই ঢাকায় শুটিং শুরু হবে। একাধিক সূত্রের দাবি, এই আগস্ট মাসেই আফরান নিশো ও তমা মির্জা নতুন এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।

তবে প্রথম আলোর পক্ষ থেকে গত রোববার যোগাযোগ করা হলে পরিচালক ভিকি জাহেদ নিশো ও তমাকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের খবরটি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ ধরনের কোনো খবর সত্য নয়। আমি ‘পুলসিরাত’ বানাচ্ছি, সেটাই জানি।’ এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।