বগুড়া-নাটোর মহাসড়কে একটি মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১ জন চালক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে কুন্দারহাট হাইওয়ে থানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আব্দুস সালাম (৩৫)। তিনি রংপুর সদরের মুন্সিপাড়া এলাকার মৃত রুকু মিয়ার ছেলে এবং কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ‘স্টেডফাস্ট’-এর কাভার্ডভ্যান চালক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় নাটোরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী মালবাহী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আব্দুস সালাম মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার ফলে কাভার্ডভ্যানে থাকা কুরিয়ার সার্ভিসের বিভিন্ন মালামাল মহাসড়কের ওপর ছড়িয়ে পড়ে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। নিহত চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

