চাঁদা দাবির অভিযোগে সংবাদপত্রের সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

অনলাইন সংবাদমাধ্যম ‘ফেস দ্য পিপল’-এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং অনুসন্ধানী প্রতিবেদক মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে চাঁদা দাবি ও মানহানির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান এই মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন এবং পরে বিকেলে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। আগামী ১০ আগস্টের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আজাদ রহমান।

মামলার বাদী আবু মো. কামরুজ্জামান অভিযোগ করেন, আসামিরা মাস্তুল ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়ে কোনো পূর্ব আলোচনা ছাড়াই ক্যামেরা অন করে ভিডিও ধারণ শুরু করেন এবং হয়রানির উদ্দেশ্যে অযাচিতভাবে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি জানান, আসামিরা মাসিক ভিত্তিতে মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করছেন।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, আসামিরা মাস্তুল ফাউন্ডেশনের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার টাকা এবং সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ১৫ হাজার টাকা দাবি করেন। এ ছাড়া প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রচার না করার শর্তে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। মাস্তুল ফাউন্ডেশন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৮ জুন ফেস দ্য পিপল-এ মাস্তুল ফাউন্ডেশনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যার ফলে প্রতিষ্ঠানটির ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।