পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের আলী নেকি দেউড়ির নিজ বাসায় শৌচাগারে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম দীন ইসলাম ওরফে সিয়াম (২০)। তিনি রায়হান স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
ঘটনাটি ঘটে গত রোববার দিবাগত রাত একটার দিকে। পরিবারের ভাষ্যমতে, বিস্ফোরণের পরপরই দীন ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকে তিনি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তাঁর শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। দীর্ঘ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা ও স্বজনদের ধারণা, শৌচাগারে আগে থেকেই কোনোভাবে গ্যাস জমে ছিল। সিগারেটের জন্য গ্যাসলাইট জ্বালাতেই সেখানে বিস্ফোরণ ঘটে। বংশাল থানার উপপরিদর্শক আবুল হোসেন এই কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

