কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ২৬ জনের প্রাণহানি

কক্সবাজারে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসের ঘটনায় গত সাত দিনে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে জেলার বিভিন্ন এলাকার লাখো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ ও দুর্বিষহ জীবন পার করছেন।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই অর্থাৎ রোববার থেকে ১০ জুলাই শুক্রবার পর্যন্ত সময়ের মধ্যে এসব প্রাণহানির ঘটনা ঘটে। প্রাকৃতিক এই দুর্যোগে নিহতদের তালিকায় নারী ও শিশুর পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীরাও রয়েছেন। পানিতে ডুবে এবং পাহাড়ধসের কারণে এই হতাহতের ঘটনাগুলো ঘটেছে।