শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের নিয়ে করা একটি মন্তব্যের জন্য জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই দুঃখ প্রকাশ করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এদিন প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আমার করা ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি জানিয়েছেন। এ বিষয়ে আমি বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলতে চাইনি। আমার কথায় যদি কেউ আহত হয়ে থাকেন, তবে আমি সিম্পলি দুঃখ প্রকাশ করছি।

এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা সংসদ ভবনের দিকে আসছে। গত কয়েক দিনে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সময় বৃষ্টি ছিল এবং অনেকে ভিজেছে, যার ফলে অনেকে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি। আমরা বিষয়টি সবসময় মনিটরিংয়ের মধ্যে রেখেছিলাম। ইতিমধ্যে চট্টগ্রামের পরীক্ষা আমরা বন্ধ ঘোষণা করেছি এবং আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin