দীর্ঘ ১৯ বছর বিরতির পর অভিনেত্রী অপি করিম অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’ মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ১২টার পর, অর্থাৎ ২৪ সেপ্টেম্বর থেকে চরকির পর্দায় উপভোগ করা যাবে। আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা ও স্বীকৃতি পাওয়া সিনেমাটি এর আগেও দর্শকদের মাঝে বিশেষ আগ্রহ তৈরি করেছিল।
কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ গল্পের সমন্বয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী। প্রযোজনা করেছেন বাংলাদেশের জসীম আহমেদ। দুই দশক পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে অপি করিম জানান, নির্মাতা ইন্দ্রনীলের ‘ভালোবাসার শহর’ চলচ্চিত্রের প্রতি মুগ্ধতা এবং অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সাথে কাজের আগ্রহ থেকেই তিনি এই প্রজেক্টে যুক্ত হয়েছিলেন। গল্পের স্বাভাবিকতা ও চরিত্রগুলোর গভীরতা তাঁকে বিশেষভাবে আকর্ষণ করেছিল।
নগর জীবনের দারিদ্র্য, বেকারত্ব ও টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় অপি করিমকে দেখা যাবে ‘সোমা’ চরিত্রে। তাঁর স্বামী ‘চন্দন’-এর চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এছাড়া সিনেমার আরেক গুরুত্বপূর্ণ চরিত্র ‘সত্য’ রূপায়ন করেছেন সোহেল মন্ডল, যিনি নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও জয় করেছেন। এছাড়াও এতে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু ও চান্দ্রেয়ী ঘোষ।
২০২০ সালে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হওয়ার পর থেকেই সিনেমাটি বিভিন্ন মহলে আলোচিত হয়। উৎসবে এটি এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। পরবর্তী সময়ে মস্কো, ইতালি, কলকাতা ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি একাধিক পুরস্কার জিতেছে। এছাড়া ২০২৪ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-তে সিনেমাটি সাতটি বিভাগে পুরস্কৃত হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি এটি দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এবার ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে চলচ্চিত্রটি আরও বিশাল সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে।

