গোপালগঞ্জে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখানোর দায়ে রাকিব শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় জনতা। শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামে এই ঘটনা ঘটে। আটককৃত রাকিব শেখ একই ইউনিয়নের বড় ভাট্টা গ্রামের মৃত হাই শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামের একটি বাড়িতে পুলিশের বিশেষ পোশাক (কোট) পরিহিত অবস্থায় রাকিব প্রবেশ করে। এরপর সে ওই বাড়ির লোকজনকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে চ্যালেঞ্জ করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছে একটি খেলনা পিস্তল পাওয়া যায়। পরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।