গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুই ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেনমার্কের পাইলট এবং অন্যজন গ্রিসের ফায়ার সার্ভিসের একজন সমন্বয়কারী কর্মকর্তা।
গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার অ্যাটিকা-বোয়েতিয়া সীমান্তে দাবানল নেভানোর অভিযানের সময় দুটি বেল হেলিকপ্টারের মধ্যে এই সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর একটি হেলিকপ্টারে থাকা দুই ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, অন্য হেলিকপ্টারের দুই ক্রুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং পরবর্তীতে তাদের মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি বেল হেলিকপ্টার অন্যটির প্রপেলারে আঘাত করছে। এতে একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি একটি গিরিখাতে পড়ে যায়। দ্বিতীয় হেলিকপ্টারটি কোনোমতে জরুরি অবতরণ করতে সক্ষম হয়।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানিয়েছেন যে, গ্রিসের সমন্বয়কারী কর্মকর্তা ও ডেনমার্কের পাইলটের মৃত্যুতে তিনি শোকাহত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গ্রিসের বেসামরিক সুরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, এই ঘটনার পর দেশটির সব বেল হেলিকপ্টার সাময়িকভাবে মাটিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রিসজুড়ে চলতি সপ্তাহে বেশ কয়েকটি দাবানল ছড়িয়ে পড়েছে এবং দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে ইউরোপের আরও কয়েকটি দেশেও একই পরিস্থিতি দেখা দিয়েছে। দাবানলের কারণে অনেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে ফ্রান্স ও স্পেনেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল। মাদ্রিদ ও বোর্দোর কাছাকাছি বড় দুটি দাবানলের কারণে প্রায় ৩ লাখ মানুষকে সরিয়ে নিতে হয়েছিল, যদিও বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসার পথে।

