হামে বরিশাল বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৫০

বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৫০ শিশুর মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চে হামের প্রকোপ শুরু হওয়ার পর এই প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৯ শিশু বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে, যা ৩৫ জন। এছাড়া ভোলায় সাতজন, বরগুনা হাসপাতালে পাঁচজন, ঝালকাঠিতে দুজন এবং পিরোজপুরে একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে মোট ৯ হাজার ১৩৫ শিশু চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। এদের মধ্যে ৮ হাজার ২৩৬ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ২৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিভাগের হাসপাতালগুলোর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি রোগী চিকিৎসা নিয়েছে, যার সংখ্যা ৩ হাজার ২৫৮ জন। অন্যান্য হাসপাতালে ভর্তির সংখ্যা হলো: পটুয়াখালীতে ২ হাজার ১৩৩ জন, বরিশালে ১ হাজার ৩১১ জন, ভোলায় ৮০৯ জন, পিরোজপুরে ৫০৬ জন, বরগুনায় ৭৩৩ জন এবং ঝালকাঠিতে ৩৮৫ জন।

কন্টেন্ট: সংগৃহীত