হরমুজ প্রণালিতে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ভাগ করে নিতে বিশ্বের বিভিন্ন শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফিলিপাইন সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইরান হরমুজ প্রণালিকে আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই পরিস্থিতিতে নৌচলাচল সুরক্ষিত রাখতে অন্যান্য দেশগুলোকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।
রুবিও স্পষ্ট করেন যে, সামুদ্রিক যান চলাচল সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র তার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। তবে তিনি আরও যুক্তি দেন যে, এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেবল যুক্তরাষ্ট্রের একার নয়। অন্যান্য দেশগুলোর উচিত সরঞ্জাম সরবরাহ কিংবা অর্থায়নের মাধ্যমে এই বৈশ্বিক দায়িত্ব ভাগ করে নেওয়ায় কার্যকর অবদান রাখা।

